নতুন ‘হিট অ্যালার্ট’ জারি, বাংলাদেশে এত গরম আর কতদিন চলবে?
সাতাশ বছর বয়সী মি. মিঠুন পাঁচ বছরেরও বেশি সময় ধরে রিক্সা চালাচ্ছেন। গরমের কারণে তার দৈনন্দিন আয় প্রায় অর্ধেকে নেমে এসেছে বলে জানাচ্ছিলেন।
“আয় থাকবো কী করে? খ্যাপ টানতে গেলেই গলা-বুক শুকায়ে কাঠ হয়ে যাচ্ছে। পানি খাওয়ার পরও মনে হচ্ছে তেষ্টা মিটতেছে না”, বলেন মি. মিঠুন।
ঢাকাসহ বাংলাদেশের ৪৫টির বেশি জেলার উপর দিয়ে এখন তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। একইসাথে, দিনের গড় তাপমাত্রা কয়েক ডিগ্রি বেড়ে গিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে তীব্র গরম অনুভূত হওয়ায় সারা দেশেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
a
এ অবস্থার মধ্যেই সোমবার আবারও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ বা তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
তীব্র গরমের কারণে ইতোমধ্যেই স্কুল-কলেজে সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে।
পাশাপাশি গরমে হিট স্ট্রোকসহ বিভিন্ন শারীরিক সমস্যা বেড়ে যাওয়ায় বেশ কয়েকজনের মৃ্ত্যু হয়েছে।
কিন্তু এবছর এত গরম পড়ার কারণ কী? বর্তমানে যে তাপপ্রবাহ শুরু হয়েছে, সেটিই-বা কতদিন চলবে?
