pu

 

রংপুরে চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রকে দল থেকে অব্যাহতি

রংপুরে চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির মুখপাত্র নাহিদ হাসান খন্দকারকে দলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাত ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির একটি চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

সংগঠনের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ও সদস্যসচিব রহমত আলী স্বাক্ষরিত এই অব্যাহতি আদেশে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে নাহিদ হাসান খন্দকারকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

এদিকে, ২ মার্চ রংপুরে এক সংবাদ সম্মেলনে আজহারুল ইসলাম নামের এক ব্যক্তি দাবি করেন, ইকোপার্ক নির্মাণ ও অবৈধ বালু উত্তোলন বিষয়ে যে জমি নিয়ে আলোচনা চলছে, তার মূল মালিক তিনি। তাঁর অভিযোগ, তাঁর ভাই কানাডাপ্রবাসী আতিকুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম একটি জাল রিটের মাধ্যমে ওই জমি দখল করেছেন। যদিও আদালতে মামলা চলমান, তবে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে তাঁর ভাইয়েরা ওই জমি থেকে বালু উত্তোলন করে আসছেন। জমি দখল হওয়ায় তিনি বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের সাহায্য চান। তিনি দাবী করেন, ছাত্র নেতাদের বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন এবং ওই নেতারা আর্থিক প্রলোভন থেকে সরে এসে ইকোপার্ক থেকে চলে যান।

এর পরের দিন, ইকোপার্কের মালিক আতিকুল ইসলাম ভূঁইয়া সংবাদ সম্মেলন করে দাবি করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের নেতৃত্বে ইকোপার্ক থেকে ১ লাখ টাকা এবং প্রতিদিন ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছিল।

Previous Post Next Post